রাস্তা নয় যেন মৃত্যুফাঁদ
দক্ষিণের সোনালি দুয়ার পদ্মা সেতু আমাদের গৌরব ও অহংকার। সেই দুয়ারের চৌকাঠ শরীয়তপুরের মাটিতে হলেও, সেখানে পৌঁছাতে গিয়ে সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফেরে। শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত পথটুকু আজও উন্নয়নের মানচিত্রে এক করুণ দাগ। সরু এই সড়ক বেশ কয়েকবছর ধরে ক্ষতবিক্ষত। ধান,পাট,সবজি নিয়ে কৃষক যখন হাটে যায় তখন তার ফসলের অর্ধেকই চলে যায় ভাঙা রাস্তার খরচে। গাড়ির ঝাঁকুনিতে বৃদ্ধের শিরদাঁড়া কাঁপে, অন্তঃসত্ত্বা মায়ের চোখে ভয় নামে, হৃদরোগীর বুক ধড়ফড় করে। একটি বাস একটি অটোরিকশা পাশাপাশি চলতে পারে না। জ্যাম না থাকা সত্ত্বেও সরু রাস্তা হওয়ার ফলে ঘন্টার পর ঘন্টা কেটে যায় গন্তব্যস্থলে পৌঁছাতে। হাজার হাজার গাড়ি এই পথ দিয়ে চলে অথচ রাস্তার সংস্কার হয়নি একটুও। পদ্মা সেতু দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি ছোটে, দেশের অর্থনীতির চাকা ঘোরে। কিন্তু সেই চাকার নিচে পিষ্ট হয় শরীয়তপুরের মানুষের স্বাস্থ্য ও সময়। যখন সেতুর আলোয় ঝলমল করছে দেশ, তখন সেতুর গোড়ার মানুষই পড়ে আছে এক অন্ধকার গর্তে। তাই শরীয়তপুর সদর থেকে পদ্মা সেতুর সংযোগস্থল পর্যন্ত সড়কটি দ্রুত চারলেনে উন্নীত ও সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
লেখক পরিচিতিঃ-
নামঃ মিথিলা জসিম তন্নি।
বিভাগঃ বাংলা।
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ,ঢাকা।
মোবাইলঃ 01614510294
ইমেইলঃ mithilajasim@gmail.com
