বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সিরাতচর্চায় পরিশীলিত জীবন

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ পাঠ: ৪১ বার

একটি জীবন কতদূর বিস্তৃত হতে পারে, কতটুকু দীপ্তি ছড়াতে পারে, সমাজ সংস্কারে কতখানি প্রভাব বিস্তার করতে পারে যা শতাব্দীর পর শতাব্দী পেরোলেও অদ্যাবধি গতিশীল, যাপিত জীবনের প্রতিটি পর্যায় কতটুকু পরিশীলিত হতে পারে, কতখানি আদর্শিক হতে পারে? এমন জীবনের অনুকরণ করা কি আমাদের জন্য অত্যাবশ্যক নয়—যে জীবনের প্রতিটি ধাপে আছে মহান রবের আনুগত্য আর পরম দয়া? সেই জীবন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর। জীবনের প্রতিটি অঙ্গনে অনুসরণের জন্য সর্বোত্তম আদর্শ তাঁর জীবনী তথা সীরাত। পরিশীলিত জীবন গঠনের সূতিকাগার হিসেবে সীরাতচর্চা এক অদ্বিতীয় মাধ্যম।

পরিশীলিত জীবন বলতে কী বোঝায়, সীরাত কী, সীরাতচর্চার উদ্দেশ্য কী, কেন সীরাতচর্চা অপরিহার্য, জীবনের প্রতিটি স্তরে সীরাত কেন প্রাসঙ্গিক এবং সীরাত অনুসরণ কেন গুরুত্বপূর্ণ—এসব বিষয়ে আমরা জানার চেষ্টা করবো, বি-ঈযনিল্লাহ।

সময়ের সদ্ব্যবহার, কথাবার্তায় সংযম, আচার-আচরণে সৌন্দর্য, দায়িত্ববোধ, নৈতিকতা, পরিচ্ছন্নতা ও মানুষের প্রতি উত্তম ব্যবহারের সমন্বয়ে গড়ে ওঠা মার্জিত ও আদর্শিক জীবনই পরিশীলিত জীবন।

সীরাত আরবি ‘সীরাহ’ শব্দ থেকে এসেছে। আভিধানিক অর্থ জীবনচরিত, জীবনপদ্ধতি বা জীবনবৃত্তান্ত। ইসলামী পরিভাষায় রাসূলুল্লাহ (সা.)-এর জন্ম থেকে ওফাত পর্যন্ত তাঁর সামগ্রিক জীবন, কর্ম, চরিত্র, আচরণ, দাওয়াত, সংগ্রাম ও নেতৃত্বের ধারাবাহিক বিবরণকে সীরাতুন্নবী বলা হয়। অর্থাৎ মহানবী (সা.)-এর সার্বিক জীবনচরিতকে বোঝানো হয়েছে। যা মহান রব মানবজাতির শ্রেষ্ঠতম আদর্শ হিসেবে মনোনীত করেছেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হচ্ছে, “তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সুরা আল-আহজাব: ২১)

নবীজির জীবনী আমাদের চলার পথকে মহান রবের সন্তুষ্টির সেই সরল পথে পরিচালিত করে যার চূড়ান্ত গন্তব্য জান্নাত। সীরাতচর্চা কেবল সাহিত্যের আকারে রাসূলের জীবনী পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য। নবীজির বাণীর মশাল দ্বারা আবারও সমগ্র বিশ্ববাসীকে আলোকিত করা। যেন মানবসমাজ এই যুগের অন্ধকারের মধ্যে সেই মুক্তির পথের সন্ধান পায়, যেমন পেয়েছিল খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীর সংকট উত্তরণের সময়ে। সুতরাং সীরাতচর্চার উদ্দেশ্য শুধু রাসূলের জীবনেতিহাস জানা নয়; বরং তাঁর জীবনী থেকে পরিশীলিত জীবনযাপনের আদর্শ গ্রহণ করে তদনুসারে নিজেদের জীবনকে গড়ে তোলা।

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয়—প্রতিটি ক্ষেত্রেই রাসূলুল্লাহ (সা.)-এর জীবন এক অনন্য আদর্শ ও বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করে। সীরাতের চর্চা আমাদের সেই আদর্শের বাস্তব রূপ তুলে ধরে। তিনি কীভাবে তাঁর ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন, তাঁর সময় ব্যবস্থাপনা ও সদ্ব্যবহার করতেন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও আত্মসংযমে কেমন ছিলেন, ইবাদত, পোশাক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাস কেমন ছিল— এসবের পাশাপাশি সামাজিক জীবনে আচরণ কিংবা নেতৃত্বের ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপেরও বাস্তব প্রতিফলন সীরাতে পাওয়া যায়। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্র পরিশীলিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে রাসূলের সীরাতচর্চার অপরিহার্যতা আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে।

‎মহান আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে হলে রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ অত্যন্ত জরুরি। এ সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, “(হে নবী!) আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আলে ইমরান: ৩১) ইবাদত কবুলের জন্য ইখলাসের পাশাপাশি রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণও অপরিহার্য। অর্থাৎ নিয়তের একনিষ্ঠতা ও রাসূল (সা.)-এর নির্দেশিত পদ্ধতি।

‎মহানবী (সা.) ছিলেন পবিত্র কুরআনের বাস্তব ও জীবন্ত রূপ। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে হযরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তাঁর চরিত্র ছিল আল-কুরআন।’ এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলছেন, “আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।” (সূরা আল-কলম: ৪)। পবিত্র কুরআনকে নিখুঁতভাবে ধারণ ও হৃদয়ঙ্গম করতে হলে রাসূলের সীরাতচর্চার পাশাপাশি সেটির অনুসরণের বিকল্প নেই।

‎রাসূলের সীরাত আমাদের সরল পথ চলতে সহায়তা করে, জীবনকে আলোকিত করে, রবের প্রিয়ভাজন বান্দা করে তোলে। তাই আমাদের প্রত্যয় হোক—সীরাতচর্চার মাধ্যমে নিজেদের জীবনকে পরিশীলিত ও আদর্শিকভাবে গড়ে তোলা এবং রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা। মহান আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুন, আমিন।

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২১ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
প্রকাশিত: দৈনিক আমার দেশ
Paper Cutting
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।