করতলব খান মসজিদ: ইতিহাস ও স্থাপনার এক অনন্য নিদর্শন
অলস দুপুরে নীরবে দাঁড়িয়ে আছে মসজিদটা। বাহির থেকে বোঝার উপায় নেই, যে এখানে কোনো ইতিহাসের হাতছানি আছে। পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত ‘করতলব খান মসজিদ’। স্থানীয়রা অবশ্য চিনে ‘বেগম বাজার মসজিদ’ নামে। কেউ কেউ বলে ‘শাহি মসজিদ’।
এই মসজিদের প্রতিষ্ঠাকাল ১৭০০ থেকে ১৭০৪ খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খানের উপাধি ছিলো করতলব খান। অবশ্য ‘মুর্শিদকুলি খান’ও মুঘল সম্রাট আওরঙ্গজেবের দেওয়া উপাধি। ইতিহাসবিদদের মতে তার মূল নাম ‘মুহাম্মদ হাদি’ বা ‘মীর্জা হাদি’।
করতলব খান মসজিদের স্থাপনায় দেখা মিলে আশ্চর্য শিল্পের সংমিশ্রণ। পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের স্থাপনার সাথে মিল পাওয়া যায় আরেক মুঘল স্থাপনা সাত গম্বুজ মসজিদের। মধ্য-গম্বুজের আকৃতি খানিকটা বড়। এর দুই পাশেই রয়েছে দুটি করে গম্বুজ।
এই মসজিদের উত্তর পাশের দেয়ালে আছে বাংলার দোচলার মতো একটা ছাউনি দেওয়া ঘর। এখানে এই মসজিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। মুঘল স্থাপনার সাথে বাংলার নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদে। এছাড়াও, এই মসজিদে ছিল একটি সিঁড়িযুক্ত কুয়া। যা উত্তর ভারতের বিভিন্ন অংশে দেখা মিললেও ঢাকার এই অংশে আর দ্বিতীয়টি ছিলো না। অবশ্য রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গেছে সেটি।
মসজিদের ভিতরে দেখা মিলবে মুঘল স্থাপনার স্পষ্ট ছাপ। পূর্বের মসজিদের অবয়ব ঠিক রেখে বর্ধিত করা হয়েছে বেশ অনেকখানি। মসজিদের উপরে আছে একটি মাদরাসা। রোজ এই মসজিদে নামাজ পড়তে আসে মুসল্লিরা। পরম আনন্দে সেজদায় পড়ে থাকে তারা। দুপুরের তাড়া বাড়ছে। আর, কালের সাক্ষী হয়ে ঠাঁই দাঁঠিয়ে আছে তিনশত বছরেরও পুরাতন এই ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা। ইতিহাস বেঁচে থাকেই এইভাবে।
