শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিষ্ণুপুরে সড়ক সংস্কার চাই

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ২ অক্টোবর ২০২৬ পাঠ: ৭৪ বার

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের দক্ষিণ বন্ধকাটি গ্ৰাম থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কের বর্তমানে বেহাল দশা। এটি শ্যামনগর ও আশাশুনি উপজেলার সংযোগ সড়ক হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও বাঁশতলা ও বালিয়াডাঙ্গা বাজারে যাতায়াতের একমাত্র সড়ক। এই সড়কের পাশেই রয়েছে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ পথচারী দের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে,বর্ষাকালে সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বর্ষাকালে সড়কের বেহাল দশা আরও প্রকট আকার ধারণ করে। বৃষ্টির পানি জমে গর্তগুলো অদৃশ্য হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পথচারীদের প্রতিনিয়ত সড়কে ধুলো-বালুর কারণে চরম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে । অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয় বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক ও বসায়ীরা।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও, সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলাফল স্বরূপ, জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে । একটি উন্নত সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যতিরেকে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করাও মুশকিল। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত সড়কটি সংস্কার করার কাজ শুরু করা হোক। জনসাধারণের সুবিধার্থে সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ এই লেখাটা দৈনিক যুগান্তর পত্রিকায় ০১/১০/২৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।