চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট
চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট
তানভীর আহমদ রাহী
গত কয়েকদিন ধরে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত দিনের বেশিরভাগ সময় গ্যাসের অভাবে চুলা জ্বলছে না। ফলে নগরীর লাখো পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে রান্নার সময় সকাল ৭টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৬টা থেকে ১০টা পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকে না। অনেক বাসায় চুলায় আগুনই জ্বলে না। এতে কর্মজীবী, শিক্ষার্থী ও হোটেল-রেস্তোরাঁগুলো বিপাকে পড়েছে। গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই এলপিজি সিলিন্ডার ও কাঠ কয়লার দিকে ঝুঁকছেন, যার ফলে বাড়তি খরচের বোঝা বেড়েছে। গ্যাস না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, রোগী ও শিশুদের খাবার তৈরিতেও সমস্যা হচ্ছে। নগরবাসী অবিলম্বে এই সংকট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জনঅসন্তোষ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তানভীর আহমদ রাহী
শিক্ষার্থী : অনার্স দ্বিতীয় বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম কলেজ
