ক্যারিয়ার ও ব্যক্তি জীবনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম -এর ভূমিকা
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২৩ জুলাই ২০১৮ সালে। বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজসহ মোট ২২ টি সক্রিয় শাখা রয়েছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহ দিয়ে সৃজনশীল লেখক হিসেবে গড়ে তোলা। একটি সুন্দর দেশ ও জাতির বিনির্মাণে সমাজে বিদ্যমান কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ, সন্ত্রাস, দুর্নীতিসহ সমসাময়িক আর্থ-সামাজিক ও বৈশ্বিক নানা ঘটনাবলীর গঠনমূলক সমালোচনা, ইতিবাচক সমাধান এবং সম্ভাবনা লেখনীর মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরা। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একজন তরুণের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন চাকরির পরীক্ষায়—বিশেষ করে বিসিএস, ব্যাংকিংসহ সরকারি ও বেসরকারি চাকরির লিখিত পরীক্ষায়—বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে লেখার দক্ষতা প্রয়োজন হয়। এই দক্ষতা অর্জনের জন্য আমরা নিয়মিত পত্রিকার সম্পাদকীয়, উপসম্পাদকীয় ও আন্তর্জাতিক বিষয়াবলির পাতা পড়ে থাকি।
তবে শুধু পড়লেই যথেষ্ট নয়; এসব বিষয় নিজের ভাষায় বিশ্লেষণ করে লিখতে পারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের নিয়মিত লেখালেখির মাধ্যমে এই দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে। আমরা যদি নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে লিখি, তাহলে আমাদের বিশ্লেষণী ক্ষমতা, যুক্তি উপস্থাপনের দক্ষতা, ভাষার ব্যবহার এবং লিখিত পরীক্ষায় উত্তর লেখার সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া ব্যক্তি জীবনে এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । একজন ব্যক্তি যখন যুক্তিনির্ভর ও সুসংগঠিতভাবে লেখালেখি করতে শেখে, তখন তার চিন্তাভাবনা ও মতামত প্রকাশের দক্ষতাও বিকশিত হয়। এর ফলে সে শুধু সুন্দর ও সুশৃঙ্খলভাবে কথা বলার যোগ্যতাই অর্জন করে না, বরং তার আত্মবিশ্বাস, যুক্তিবোধ ও উপস্থাপন দক্ষতা বৃদ্ধি পায়। এসব গুণ একজন মানুষের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “সুপ্ত প্রতিভা বিকাশিত হোক লেখনীর ধারায়”।
